
এস এম খুররম আজাদঃ জামালপুরের সরিষাবাড়ীতে সম্প্রতি গরু চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে গেছে। রবিবার (২৫ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে বাড়িঘর তালাবদ্ধ করে ধারালো অস্ত্রের মুখে দু'টি গরু নিয়ে গেছে ডাকাতদল। এসময় তাদের হামলায় আহত হয়েছেন ৫ জন।
সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামের কৃষক ঈমান আলীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
রাম দা'র আঘাতে গুরুতর অবস্থায় গরুর মালিক ঈমান আলীকে (৫০) জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অন্যরা হলেন— একই গ্রামের সেলিম রেজা (২৮), রঞ্জু মিয়া (৩৫), সিয়াম (২৫) ও সজিব (২০)।
পারিবারিক সূত্র জানায়, সাতপোয়া (উত্তরপাড়া) গ্রামের আমির হোসেনের ছেলে ঈমান আলীর বাড়িতে রাত সাড়ে ৩টা দিকে অজ্ঞাত ডাকাতদল দেশীয় অস্ত্রসহ নিয়ে প্রবেশ করে। এসময় তারা বাইরে থেকে ঘর তালাবদ্ধ করে গোয়ালঘর থেকে ফিজিয়ান জাতের তিনটি গরু বাহির করে এবং দ্রুত পিকআপ ভ্যানে তুলে রওনা দেয়।
এসময় পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে বাড়ির পেছন দরজা দিয়ে বের হয়ে ডাকাতদের মোটরসাইকেলযোগে ধাওয়া করে।
পথিমধ্যে রায়দেরপাড়া এলাকায় ডাকাতদল থেমে গরুর মালিক ঈমান আলীকে মাথায় ও শরীরের রাম দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মোটরসাইকেলটি ভেঙে ফেলে।
অন্যান্য লোকজন আরেকদিক থেকে ধাওয়া করে একটি গরু উদ্ধার ও রাম দা জব্দ করে। এসময় ডাকাতরা আরও চারজনকে এলোপাতাড়ি কুপিয়ে বাকি গরু দু'টি নিয়ে পালিয়ে যায়।
উল্লেখ্য, সম্প্রতি সরিষাবাড়ীতে প্রায়ই গরু চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। প্রশাসনের উল্লেখযোগ্য তৎপরতা না থাকায় আতঙ্কে রাত কাটাতে হচ্ছে গরুর মালিকদের।
এব্যাপারে সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো: সিদ্দিক হোসেন মুঠোফোনে জানান, বিষয়টি শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে। মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।