News update
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
  • বিগত ১৮ বছরে সুযোগ ছিল, কিন্তু লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী     |     
  • ঘিওরে খাদ্যগুদামে চাল-গমের ঘাটতি: কর্মকর্তা ও পরিদর্শক বরখাস্ত     |     
  • হাবিপ্রবিতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন     |     
প্রথম পাতা 2026-09-03, 8:29pm

প্রধানমন্ত্রীর উপহার:বিএডিসির বহুল প্রত্যাশিত স্কেল ভেটিং

মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমান এর সরাসরি নির্দেশনায় বিদ্যমান গ্রেড অক্ষুণ্ণ রেখে সংশোধিত স্কেল ভেটিং আদেশ জারি হওয়ায় বিএডিসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরাজ করছে আনন্দ, স্বস্তি ও উচ্ছ্বাস। মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীগণ আজ তাঁদের নির্ধারিত আন্দোলন কর্মসূচি স্থগিত রেখেছেন।

inbound2532073673729296179-3a17803105535335058aa5c160ff90791788445791.jpg

প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের অর্জিত গ্রেড ও পদমর্যাদা বিবেচনায় নিয়ে বিদ্যমান গ্রেড অক্ষুণ্ণ রেখে স্কেল ভেটিং কার্যকর করার নির্দেশনা প্রদান করেন।



গ্রেড অবনমন ছাড়াই সংশোধিত আদেশ, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত স্কেল ভেটিং অবশেষে বাস্তবায়িত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমান এর সরাসরি নির্দেশনায় বিদ্যমান গ্রেড অক্ষুণ্ণ রেখে সংশোধিত স্কেল ভেটিং আদেশ জারি হওয়ায় বিএডিসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরাজ করছে আনন্দ, স্বস্তি ও উচ্ছ্বাস। মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীগণ আজ তাঁদের নির্ধারিত আন্দোলন কর্মসূচি স্থগিত রেখেছেন।

বিএডিসিতে দীর্ঘদিন ধরে স্কেল ভেটিং বাস্তবায়নের প্রচেষ্টা চলছিল। অবশেষে স্কেল ভেটিংয়ের আদেশ জারি হলেও এতে বিভিন্ন পদের গ্রেড অবনমন এবং পদোন্নতির ক্ষেত্রে কঠিন শর্ত আরোপ হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক হতাশা ও অসন্তোষ সৃষ্টি হয়। এর প্রতিবাদে প্রধান কার্যালয়সহ দেশের মাঠপর্যায়ের বিভিন্ন দপ্তরে কর্মবিরতি, মানববন্ধন ও শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়। বিষয়টি বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়।

বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রচারিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের অর্জিত গ্রেড ও পদমর্যাদা বিবেচনায় নিয়ে বিদ্যমান গ্রেড অক্ষুণ্ণ রেখে স্কেল ভেটিং কার্যকর করার নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পূর্বের আদেশ পুনঃপর্যালোচনা করে অসামঞ্জস্যগুলো সংশোধন করা হয় এবং বিদ্যমান গ্রেড অক্ষুণ্ণ রেখে নতুন স্কেল ভেটিং আদেশ জারি করা হয়।

এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিএডিসির প্রধান কার্যালয় থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়। দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি সম্মানজনকভাবে পূরণ হওয়ায় তাঁরা স্বস্তি প্রকাশ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

বহুল প্রত্যাশিত স্কেল ভেটিং বাস্তবায়নের ক্ষেত্রে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি ও প্রত্যাশার প্রতি সহানুভূতিশীল বিবেচনা এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য মাননীয় অর্থমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয়ের সচিব, মাননীয় কৃষিমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয়ের সচিব এবং বিএডিসির চেয়ারম্যানের প্রতি বিএডিসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের আন্তরিক প্রচেষ্টা, সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার ফলেই বিষয়টি সুষ্ঠুভাবে সমাধানের পথ সুগম হয়েছে বলে তাঁরা মনে করেন।

এ ছাড়া বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার জন্য বিএডিসি কৃষিবিদ সমিতি, বিএডিসি প্রকৌশল সমিতি, বিএডিসি অফিসার্স অ্যাসোসিয়েশন, সিবিএসহ অন্যান্য পেশাজীবী ও কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা, ঐক্য ও সহযোগিতা এ অর্জনকে ত্বরান্বিত করেছে বলে তাঁরা অভিমত ব্যক্ত করেন।

একই সঙ্গে স্কেল ভেটিংয়ের বিষয়টি যথাযথভাবে পর্যালোচনা, সমন্বয় ও বাস্তবায়নে সহযোগিতা এবং ইতিবাচক ভূমিকা রাখার জন্য অর্থ মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যানের প্রতিও তাঁরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন

কর্মকর্তাদের অভিমত, এটি শুধু একটি প্রশাসনিক আদেশ নয়; বরং তাঁদের দীর্ঘদিনের কর্ম, পেশাগত মর্যাদা ও ন্যায্য প্রত্যাশার স্বীকৃতি। তাঁরা মনে করেন, কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক দাবি অনুধাবন করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী তাঁদের প্রতি যে আন্তরিকতা ও সহমর্মিতা দেখিয়েছেন, তা বিএডিসির সর্বস্তরের জনবলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

তাই বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের কাছে গ্রেড অবনমন ছাড়াই বহুল প্রত্যাশিত স্কেল ভেটিং বাস্তবায়ন হয়ে উঠেছে ‘প্রধানমন্ত্রীর বিশেষ উপহার’।

এই সিদ্ধান্তে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা কেটে গিয়ে নতুন উদ্যম ও কর্মস্পৃহা সৃষ্টি হয়েছে। তাঁরা আশাবাদ ব্যক্ত করেছেন, প্রধানমন্ত্রীর এই উপহারের মর্যাদা ধরে রেখে দেশের কৃষক ও কৃষির উন্নয়নে বিএডিসির বীজ, সার ও সেচ কার্যক্রমকে আরও গতিশীল করতে তাঁরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।

বিএডিসিতে বর্তমানে পেনশন প্রথা চালু নেই। অথচ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সার, বীজ ও সেচের মতো গুরুত্বপূর্ণ কৃষি উপকরণ সরবরাহের পাশাপাশি খাল খনন ও পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষিজমিতে পানির প্রাপ্যতা নিশ্চিত করতে বিএডিসি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ অবস্থায় বিএডিসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যাশা, মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপে তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি ও প্রত্যাশা বিবেচনায় নিয়ে বিএডিসিতে দ্রুত পেনশন প্রথা চালু করা হবে। এতে কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটবে এবং তারা আরও উৎসাহ, উদ্দীপনা ও কর্মস্পৃহা নিয়ে দেশের কৃষি, খাদ্য নিরাপত্তা ও কৃষকের কল্যাণে কাজ করে যেতে পারবেন।

এবিষয়ে আগামীকাল সকাল ১০.০০ ঘটিকায় কৃষি ভবনস্থ সেমিনার হলে একটি সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।