
অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্যা
সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্মানিত চেয়ারম্যান মহোদয় একটি বক্তব্যে উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের শুধু সনদ নিয়ে বের হলেই হবে না; বরং কর্মবাজারের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা অর্জন করেই বিশ্ববিদ্যালয় ছাড়তে হবে। তাঁর এই বক্তব্য অত্যন্ত প্রশংসনীয়, সময়োপযোগী এবং বাস্তবতানির্ভর। তবে এই বক্তব্যের সফল বাস্তবায়নের জন্য ইউজিসিকে কার্যকর ও সুদূরপ্রসারী উদ্যোগ গ্রহণ করতে হবে। আমার বিবেচনায়, এ ক্ষেত্রে কয়েকটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া জরুরি।
প্রথমত, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিষয়সমূহ, যেমন ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স এর বিষয়সমূহ, Artificial Intelligence (AI), Cyber Security, Data Science, Robotics, Nursing এবং Physiotherapy-সহ দেশি ও আন্তর্জাতিক কর্মবাজারে ব্যাপক চাহিদা রয়েছে-এমন বিষয়গুলোর শিক্ষার সুযোগ দ্রুত সম্প্রসারণ করতে হবে। এসব বিষয়ে শিক্ষার্থী ভর্তির সংখ্যা বর্তমানের তুলনায় দুই থেকে তিন গুণ পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে।
দ্বিতীয়ত, এসব বিষয়ে মানসম্মত (অনার্স) ডিগ্রি প্রদানের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, আধুনিক গবেষণাগার, প্রযুক্তিগত সুযোগ-সুবিধা এবং পর্যাপ্ত দক্ষ শিক্ষক নিয়োগ দিতে হবে। প্রয়োজনে বিদেশি বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও কর্মবাজারে কাছ থেকে কারিগরি সহায়তা গ্রহণ করা যেতে পারে।
তৃতীয়ত, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিদ্যমান কোর্স কারিকুলাম পর্যালোচনা করা অত্যন্ত জরুরি। বর্তমানে অনেক ক্ষেত্রে পাঠ্যক্রমের সঙ্গে বাস্তব কর্মবাজারের চাহিদার যথেষ্ট সামঞ্জস্য নেই। তাই কর্মবাজারে চাহিদা ও কর্মসংস্থানের সম্ভাবনা বিবেচনায় নিয়ে বিষয়ভিত্তিক শিক্ষার্থী ভর্তি, পাঠ্যক্রম ও উচ্চশিক্ষার আসনসংখ্যা পুনর্বিন্যাস করতে হবে। যেসব বিষয়ে কর্মসংস্থানের সুযোগ তুলনামূলকভাবে সীমিত, সেগুলোর আসনসংখ্যা পর্যায়ক্রমে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে হবে।
এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কর্মবাজারমুখী উচ্চশিক্ষার নতুন উদ্যোগগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার ও প্রয়োজনীয় অর্থায়ন প্রদান করা প্রয়োজন। ইউজিসিকে শুধু পরিকল্পনা প্রণয়নের মধ্যে সীমাবদ্ধ না থেকে - এসব পরিকল্পনার কার্যকর বাস্তবায়ন ও নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।
আরেকটি বিষয় বিশেষভাবে উল্লেখ করতে চাই। ইউজিসির বর্তমানে উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে যেসব পরিকল্পনা ও উদ্যোগ রয়েছে, সেগুলোর সফল বাস্তবায়নের ক্ষেত্রেও কর্মবাজারের চাহিদাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। কারণ, উচ্চশিক্ষা ও গবেষণার উদ্দেশ্য কেবল ডিগ্রি বা গবেষণাপত্রের সংখ্যা বৃদ্ধি নয়; বরং দক্ষ মানবসম্পদ তৈরি, নতুন জ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন এবং জাতীয় ও আন্তর্জাতিক কর্মবাজারে অবদান রাখার সক্ষমতা অর্জন।
আমাদের মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সঙ্গে কর্মবাজারের দূরত্ব যত কমবে, উচ্চশিক্ষার সামাজিক ও অর্থনৈতিক মূল্য তত বৃদ্ধি পাবে। তাই এখনই সময় উচ্চশিক্ষ ও গবেষণাকে বাস্তবমুখী, দক্ষতানির্ভর ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার।
লেখক: উপাচার্য, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।