
ফ্রান্সের রাজধানী প্যারিসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে।
ফ্রান্স থেকে :
২৪ নভেম্বর ২০২৬
ফ্রান্সের রাজধানী প্যারিসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেছেন, ওই সংকটময় সময়ে সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় প্যারিসের অভিজাত ১৬তম অ্যারোন্ডিসমেন্টের টাউন হলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ফ্রান্সের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সামরিক কর্মকর্তা ও প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। অতিথিদের স্বাগত জানান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা এবং প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা, এসইউপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি। স্বাগত বক্তব্যে প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, সময়ের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনী প্রশিক্ষণ, আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দেশ ও বিদেশে বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাহিনীর সুনাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ও ফ্রান্সসহ বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ, স্বাধীনতা-পরবর্তী সময়ে বাহিনীর বিকাশ এবং দেশ-বিদেশে তাদের উল্লেখযোগ্য কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা-পরবর্তী সময়ে সশস্ত্র বাহিনীর উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার বিষয়টিও তুলে ধরা হয়। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এ দিনটি সশস্ত্র বাহিনীর ঐক্য, সাহসিকতা ও আত্মত্যাগের স্মারক হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে। রাষ্ট্রদূত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে ফরাসি লেখক, রাজনীতিবিদ ও সংস্কৃতিমন্ত্রী আঁদ্রে মালরোর অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তাঁর অবস্থান দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলেও উল্লেখ করেন তিনি।
২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে রাষ্ট্রদূত আন্দোলনে অংশগ্রহণকারীদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। ওই সময় এবং আন্দোলন-পরবর্তী পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রদূত। এ ক্ষেত্রে ‘ফোর্সেস গোল ২০৩০’-এর আওতায় চলমান আধুনিকায়ন কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি। তিনি আরও বলেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও স্টিম শিক্ষার প্রসারেও সশস্ত্র বাহিনী ভূমিকা রাখছে। জাতীয় ও ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ, সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য প্রচারেও বাহিনীর অবদান রয়েছে। অনুষ্ঠানে ফ্রান্সসহ প্রায় ২৫টি দেশের সামরিক কর্মকর্তা ও প্রতিরক্ষা উপদেষ্টারা অংশ নেন। পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিক, প্রতিরক্ষা খাতের প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজনটি আন্তর্জাতিক মাত্রা পায়। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সেলর পলিটিক্যাল মাহফুজা সুলতানা, দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিলসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি ফ্রান্স শাখার সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সিরাজুর রহমান, নাগরিক পরিষদের সভাপতি আবুল খায়ের লস্কর, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমেদ, এমসি ইনস্টিটিউট ফ্রান্সের প্রিন্সিপাল বদরুল বিন হারুন, সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী আব্দুস সালাম মামুন, এনসিপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম, এফবিজেএর সহ-সমন্বয়ক মোহাম্মদ কামরুজ্জামান, মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, সিনিয়র সাংবাদিক নিয়াজ মাহমুদ, বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি রাজনীতিবিদ কাউন্সিলর তানিয়া তনু, সাংবাদিক হাসান ইলিয়াছ তানিম, কাউন্সিলর নাহিদুল মোহাম্মদ, কাউন্সিলর জুবায়েদ আহমেদ, নিরাপত্তা বিশেষজ্ঞ আনিসুর রহমান, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, সাংবাদিক তানভীর আহমেদ তোহা, সমাজকর্মী জাহরিন হক নুপুর, ব্যবসায়ী শহিদুল ইসলাম, গবেষক ইশতিয়াক আকিব, সমাজকর্মী কাজী হাবিবুর রহমান, আরাফাত রহমান, সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জি, শাহ সুহেল আহমেদ ও রাবেয়া আক্তার সুবর্ণাসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের বাংলাদেশি খাবারে আপ্যায়ন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
ছবির ক্যাপশন: প্যারিসে বাংলাদেশ দূতাবাস আয়োজিত ৫৫তম সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা।