
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার বাইলজুরী (পঞ্চরাস্তা) থেকে সিংজুরী বাজার পর্যন্ত সড়কের পাশে ৫৫০টি তালগাছের চারা রোপণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন সড়কে মোট ১ হাজার তালগাছ রোপণের পরিকল্পনা রয়েছে।
‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’ শীর্ষক এ কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে, উপজেলা প্রশাসন ঘিওরের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল ঘিওর উত্তরপাড়া যুবসমাজ।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন আব্দুল মজিদ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মহসিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আলীম, জেলা কৃষক দলের সহ-সভাপতি মোঃ খালেক শিকদার, জেলা বিএনপির সাবেক সহশ্রমবিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি শহিদুল ইসলাম চান্দু, ঘিওর ডি.এন. পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী জাকির ইকবালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।