
নাঈম ইসলাম সংগ্রাম, হাবিপ্রবি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক জানিয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা।
আজ রবিবার (১২ জুলাই) হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখার ভারপ্রাপ্ত পরিচালক মো. খাদেমুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শোকবার্তা জানানো হয়েছে।
উক্ত শোক বার্তায় বলা হয়, বর্ষীয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার অদ্য রবিবার (১২ জুলাই '২৬) ভোর ৪ টা ১৯ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. এনামউল্যা। শোক বার্তায় তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। ভাইস-চ্যান্সেলর বলেন, মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও সম্মানিত ব্যক্তিত্ব। দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক জীবনে তিনি সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রনালয়ের মন্ত্রী এবং দলের নীতি নির্ধারনী পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করেন। গণতন্ত্রের বিকাশ, সাংবিধানিক চর্চা, আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও সুদৃঢ় করার ক্ষেত্রে তাঁর অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষকরে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন কালে তিনি দেশের উচ্চ শিক্ষার সম্প্রসারণ, শিক্ষার গুণগত মানউন্নয়ন সর্বপরি দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে বিজ্ঞান-প্রযুক্তি ও গবেষণার প্রসারে অসামান্য অবদান রেখে গেছেন।
একজন সদালাপী ও সাদা মনের মানুষ হিসেবে তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও রাষ্ট্র চিন্তা সর্বমহলে ছিল সর্বদা সমাদৃত ও প্রসংশিত। তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবণ, নেতৃত্বগুণ এবং জনকল্যাণমূলক কর্মকান্ড আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এই প্রতিথযশা রাষ্ট্র নায়কের মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও বিচক্ষণ নেতৃত্বকে হারালাম। তাঁর এ প্রয়াণ জাতীয় রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি, মহান আল্লাহ রাব্বুল আল-আমিন তাঁকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।