
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে আদালতের আদেশে জমির দখল পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান চালানোর সময় অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় এক ভেকু চালক আহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা মৌজায় অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পর আটক হওয়া ব্যক্তি নিজ ভুলের জন্য ক্ষমা চাওয়ায় এবং অসুস্থ হয়ে পড়ায় সহকারী কমিশনার (ভূমি) তাঁকে মানবিক দৃষ্টিতে ছেড়ে দিয়েছেন।
উপজেলা ভূমি কার্যালয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফুলহারা মৌজার ৬ শতাংশ জমির দখল নিয়ে মোজায়াল হক মুকা, মোহাম্মদ সেলিম বেপারী, রেহনা বেগম ও রোকসানা আক্তারের আবেদনের প্রেক্ষিতে গত ৬ আগস্ট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত উচ্ছেদ ও দখল পুনরুদ্ধারের নির্দেশ দেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার সকাল ১০টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলামের নেতৃত্বে ঘিওর থানা পুলিশ ও ভূমি অফিসের কর্মচারীরা অভিযানে নামেন। সকাল সাড়ে ১১টার দিকে উচ্ছেদ চলাকালে মো. শরিফুল ইসলাম হঠাৎ উত্তেজিত হয়ে ভেকু লক্ষ্য করে ইট ছুড়ে মারেন। ইটের আঘাতে ভেকুর কাচ ভেঙে চালক অজয় মন্ডল বুকে আঘাত পেয়ে আহত হন। তাঁকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং ঘটনাস্থল থেকে পুলিশ শরিফুল ইসলামকে আটক করে।
আটকের পর শরিফুল ইসলাম ঘটনার জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেন। তিনি জানান, পরিস্থিতির আকস্মিকতায় নিজের রাগ সংবরণ করতে না পেরে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলেছেন। একই সাথে তিনি নিজের ভুল স্বীকার করে চালক ও প্রশাসনের কাছে ক্ষমা প্রার্থনা করেন। শরিফুল অসুস্থ বোধ করতে শুরু করলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম তাঁকে মানবিক দৃষ্টিতে ক্ষমা সুন্দর বিবেচনায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত দেন।
দীর্ঘ ২৫ বছর পর আদালতের রায়ে জমির দখল ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন আবেদনকারী মোহাম্মদ সেলিম বেপারী।