
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে আদালতের নির্দেশে ১১ শতাংশ বিরোধপূর্ণ জমির অবৈধ দখল উচ্ছেদ ও দখল পুনরুদ্ধার অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। বুধবার দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে দীর্ঘ এই যৌথ অভিযান।
উপজেলা ভূমি কার্যালয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সিংজুরী ইউনিয়নের বীরসিংজুরী মৌজার ১১ শতাংশ জমির স্বত্ব ও দখল নিয়ে মোঃ মিজানুর রহমান এবং নাজমা বেগম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত জমিটি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে আবেদনকারীদের অনুকূলে জমিটি বুঝিয়ে দেওয়ার চূড়ান্ত নির্দেশ প্রদান করেন।
আদালতের সেই নির্দেশনা বাস্তবায়নে মানিকগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ আলী শাহরিয়ার এবং ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর ইসলামের যৌথ তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
বুধবার দুপুর ১২টায় বীরসিংজুরী মৌজায় শুরু হওয়া এই অভিযান শেষ করতে সন্ধ্যা গড়ায়। অভিযান চলাকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘিওর থানা পুলিশ ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীরা সক্রিয় ভূমিকা পালন করেন। পরিশেষে শান্ত ও মার্জিত পরিবেশে আবেদনকারীদের জমিতে সীমানা চিহ্নিত করে দখল বুঝিয়ে দেওয়ার মাধ্যমে সন্ধ্যা নাগাদ অভিযানের সমাপ্তি ঘটে।