
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে বিভিন্ন ফার্মেসি ও ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৭টি মামলায় মোট ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘিওর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর ইসলাম। এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের ড্রাগ সুপারিনটেনডেন্ট মোঃ ফয়সাল ফুয়াদ চৌধুরী উপস্থিত ছিলেন।
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখা, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি এবং আইন অমান্য করে ওষুধ মজুত ও বিক্রির অভিযোগে ‘ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩’-এর ৪০ ধারায় এসব মামলা করা হয়।
অভিযানে মেসার্স মনির মেডিসিন কর্নারকে ২৫ হাজার, মানিক মেডিকেল হল ও আনোয়ারা ফার্মেসিকে ৫ হাজার করে, শাওন ফার্মেসি, আলম মেডিক্যাল কর্নার ও মনোয়ার ফার্মেসিকে ৩ হাজার করে এবং কাজল মেডিকেল কর্নারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা ভূমি কার্যালয়ের ক্রেডিট চেকিং সায়রাত সহকারী এস এম আনোয়ার হোসেন সুমন ও ঘিওর থানা পুলিশ।