
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—প্রতিপাদ্যে মানিকগঞ্জের ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
ইউএনও নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের সদস্যরা গ্যাস সিলিন্ডারের আগুন নেভানো ও ভূমিকম্পে আত্মরক্ষার কৌশল প্রদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জানে আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিন আলম, উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার এবং উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ আলীসহ স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।