News update
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
  • বিগত ১৮ বছরে সুযোগ ছিল, কিন্তু লোভে পা দিইনি: তথ্যমন্ত্রী     |     
খবর 2026-10-19, 10:29pm

সরিষাবাড়িতে যমুনা শাখা নদীর ওপর ২৭৮ মিটার সেতু'র নির্মাণকাজের উদ্বোধন

img-20261019-wa0000-3ee0d2c5453510c6c4cc3448ec22b1921792427385.jpg


এস এম খুররম আজাদঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা শাখা নদীর ওপর ২৭৮ দশমিক ৩০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জামালপুর কার্যালয়ের উদ্যোগে ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করা হচ্ছে। সরিষাবাড়ী উপজেলার আরামনগর জিসি-ঘোড়ামারা বাজার সড়কের ১ হাজার মিটার চেইনেজে যমুনা শাখা নদীর ওপর এ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু। এছাড়া উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাতপোয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেতুটির নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমে আসবে। বিশেষ করে আরামনগর ও ঘোড়ামারা বাজারসংলগ্ন এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য পরিবহনে সময় ও ব্যয় সাশ্রয় হবে।

স্থানীয়দের প্রত্যাশা, সেতুটি চালু হলে এলাকার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে। এতে সংশ্লিষ্ট এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।