News update
  • বিআরবি কেবলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন     |     
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
খবর 2026-11-16, 6:19pm

সংস্কার ও পরিচ্ছন্নতার অভাবে অচল ঘিওর সদরের ড্রেন, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারী

1000194815-229a43e097636fef535e09f6c2ee690c1794831540.jpg


আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলা সদরে অবস্থিত থানার সামনের সড়কসহ আশপাশের ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় ময়লা-আবর্জনা জমে তীব্র দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। খোদ থানা ভবনের সামনে এমন পরিস্থিতির কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে সাধারণ পথচারীরা নাক চেপে কিংবা বিকল্প পথ ব্যবহার করে চলাচল করছেন।

এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, থানা মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত ড্রেনটি নির্মাণের পর থেকে আজ পর্যন্ত কখনো পরিষ্কার করা হয়নি। ফলে ড্রেনে বালু ও ময়লা জমে পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ড্রেনের পানি নদীর দিকে না গিয়ে উপচে বাজারের রাস্তার ওপর দিয়ে বিভিন্ন দিকে গড়িয়ে পড়ছে এবং চারদিকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। পচা পানির গন্ধে পথচারীরা ড্রেনের পাশের রাস্তা দিয়ে চলাচল প্রায় বন্ধ করে দিয়েছেন।

এদিকে দুর্গন্ধের মধ্যেই বাধ্য হয়ে স্থানীয় ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে ড্রেনের পানি জমে সদর মসজিদে যাওয়ার রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি নিচু হওয়ায় দুর্গন্ধযুক্ত ময়লা পানি মাড়িয়েই মুসল্লিদের প্রতিদিন জামাতে অংশ নিতে মসজিদে যাতায়াত করতে হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় ঔষধ ব্যবসায়ী মো. কাজল মিয়া বলেন, "উপজেলা সদর হাটটি নিয়মিত ইজারা দেওয়া হলেও বাজার উন্নয়নের কোনো দৃশ্যমান কাজ হয়নি। সময়মতো ড্রেন পরিষ্কার না করায় আজ ময়লা-আবর্জনা জমে এই অসহনীয় দুর্গন্ধের সৃষ্টি হয়েছে।"

সাইকেল মেরামতকারী মো. মিজান মিয়া জানান, আশপাশের বাসাবাড়ির ময়লার পানি এসে রাস্তায় জমে থাকছে। এই নোংরা ও দুর্গন্ধযুক্ত পানির কারণে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

এ বিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলাম বলেন, "বিষয়টি নিয়ে স্থানীয় অনেকেই আমার কাছে অভিযোগ নিয়ে এসেছেন এবং আমি এর সত্যতা পেয়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে এ বিষয়ে অতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।"