
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে সারের সংকট—এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষকদের সার ডিলারের দোকানের সামনে রাতযাপনের একটি ছবি ভাইরাল হওয়ার পর তোলপাড় সৃষ্টি হয়। তবে ঘটনাটি নিয়ে তাৎক্ষণিক তদন্তে নেমেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। সরেজমিন পরিদর্শনে জানা গেছে, এলাকায় সারের কোনো সংকট বা ঘাটতি নেই; বরং পর্যাপ্ত সার মজুত রয়েছে।
গত সোমবার (১৬ নভেম্বর) রাতে তেরশ্রী বাজারের মেসার্স হাজী খোরশেদ হোসেন ট্রেডার্স নামের সার ডিলারের দোকানের সামনে কৃষকদের শুয়ে থাকার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই তৎপর হয় প্রশাসন।
এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা তেরশ্রী বাজারের ওই ডিলারের দোকানের সামনে সরাসরি স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন এবং সার বিতরণ পরিস্থিতির খোঁজখবর নেন।
সরেজমিন পরিদর্শনে কৃষকরা জানান, তাঁরা নিয়মিতভাবেই সার পাচ্ছেন এবং সরকার নির্ধারিত মূল্যে তা ক্রয় করছেন। ছবির বিষয়ে কৃষকরা স্পষ্ট করেন, মেসার্স হাজী খোরশেদ হোসেন ট্রেডার্সের দোকান থেকে সকালে সিরিয়াল পাওয়ার দৌড়ে এগিয়ে থাকতেই তাঁরা আগের রাতে সেখানে অবস্থান বা রাতযাপন করেছিলেন।
পরিস্থিতি খতিয়ে দেখতে এ সময় কৃষকদের সঙ্গে একটি বিশেষ আলোচনা সভাও করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওই সভায় কৃষকরা সারের কোনো ধরনের সংকটের কথা জোরালোভাবে অস্বীকার করেন।
উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, এলাকায় সারের পর্যাপ্ত মজুত রয়েছে এবং কৃষকদের চাহিদা অনুযায়ী তা নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করা হচ্ছে। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ছবিটির কারণে জনমনে কিছুটা বিভ্রান্তি তৈরি হলেও বাস্তবে ঘিওরে সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে প্রশাসন।