
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মানিকগঞ্জের ঘিওর সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর সরকারি কলেজের অধ্যক্ষ ফকির ফারুক আহমেদ। এতে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক কাজী হেলাল উদ্দিন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের সহকারী অধ্যাপক জনাব শওকত আলী।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ প্রায় সাড়ে তিনশত লোক উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ঘিওর সরকারি কলেজের অধ্যক্ষ ফকির ফারুক আহমেদ, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক কাজী হেলাল উদ্দিন এবং সহকারী অধ্যাপক জনাব শওকত আহমেদ।
বক্তারা নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পদার্পণ শিক্ষা জীবনের এক অনন্য মাইলফলক। আজ থেকে তোমরা এই কলেজের পরিবারের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠলে।" তাঁরা শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের নিয়ম-কানুন মেনে চলার, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং ভবিষ্যৎ জীবনে বড় স্বপ্ন দেখে তা পূরণে নিয়মিত অধ্যবসায় করার পরামর্শ দেন। পাশাপাশি পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে নবীন বরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।