
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অপরাধে সাজেদা বেগম (৪০) নামে এক নারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী এই জরিমানা আদায় করেন
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নালী এলাকায় প্রভাবশালী একটি চক্র অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। এতে আশপাশের ফসলি জমি ও ঘরবাড়ি ধসে পড়ার ঝুঁকিতে পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর ইসলাম সেখানে এক আকস্মিক অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে ঘিওর উপজেলা ভূমি কার্যালয়ের ক্রেডিট চেকিং সায়রাত সহকারী এস এম আনোয়ার হোসেন সুমন এবং ঘিওর থানা পুলিশের একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর ইসলাম জানান, "অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও স্থানীয় অবকাঠামোর ব্যাপক ক্ষতি হচ্ছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"