
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে ৩৫ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের শামছুল (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
অভিযোগ ও ঘিওর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ঘিওর সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চঙ্গশিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর বাবা নাসির উদ্দিন (৬২) গত ৯ অক্টোবর ঘিওর থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে নাসির উদ্দিন উল্লেখ করেন, ঘটনার রাতে মেয়েকে বাড়িতে রেখে তিনি পাশের বৈলট বাজারে চা খেতে যান। এ সময় বাড়িতে মেয়েকে একা পেয়ে শামছুল ঘরে প্রবেশ করেন। পরে মুঠোফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের পর ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর আতঙ্কে ওই নারী প্রথমে কাউকে কিছু জানাননি। পরে ৭ অক্টোবর বাবাকে বিষয়টি জানান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও পরামর্শের কারণে থানায় অভিযোগ করতে বিলম্ব হয় বলে জানিয়েছেন তাঁরা। পরে পুলিশের প্রাথমিক তদন্তের ভিত্তিতে ১২ অক্টোবর অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
ভুক্তভোগীর মা আম্বিয়া বেগম বলেন, ঘটনার দিন তিনি ছোট মেয়ের বাড়িতে ছিলেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, অভিযোগ ওঠার পর থেকে অভিযুক্ত শামছুল ও তাঁর বাবা-মাকে এলাকায় দেখা যাচ্ছে না। শামছুলের বিরুদ্ধে আগেও নারীদের হয়রানি ও গোপনে ভিডিও ধারণের অভিযোগ ছিল বলেও দাবি করেন তাঁরা। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহাব্বত কবির জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।