News update
  • বিআরবি কেবলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন     |     
  • এসএসসির পুনঃনিরীক্ষণে পাস করেছে ৪৫৮৫, জিপিএ-৫ পেয়েছে ৩০৭৯ শিক্ষার্থী     |     
  • নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি জবরদখলের অভিযোগ     |     
  • নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী     |     
  • দৈনিক সমাবেশের সাবেক প্রকাশক রওশন আরা হায়াত আর নেই     |     
খবর 2026-11-21, 6:14pm

২২ নভেম্বর, ঘিওরের তেরশ্রী গণহত্যা দিবস

unnamed-4af52202f77beb11ba59ce2056aa78781795263295.jpg


আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি:  ২২ নভেম্বর, মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঐতিহাসিক তেরশ্রী গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের নৃশংস হত্যাযজ্ঞে তৎকালীন জমিদার সিদ্ধেশ্বর রায় প্রসাদ চৌধুরী, কলেজ অধ্যক্ষ আতিয়ার রহমানসহ ৪৩ জন স্বাধীনতাকামী মানুষ শহীদ হন। এ সময় গ্রামের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই ভয়াবহ দিনের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় এলাকাবাসীকে।

জানা যায়, ঘিওরের পয়লা ইউনিয়নের তেরশ্রী গ্রামটি ছিল সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। মুক্তিযুদ্ধের সময় এ গ্রামে মুক্তিযোদ্ধাদের আনাগোনাও ছিল বেশি। এ কারণে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের লক্ষ্যবস্তুতে পরিণত হয় গ্রামটি।

ঘটনার আগের দিন ২১ নভেম্বর গভীর রাতে স্থানীয় দোসরদের নিয়ে সেনপাড়া কালীবাড়ি মাঠে গোপন বৈঠক করে হানাদার বাহিনী। পরদিন ২২ নভেম্বর ভোরে ঘিওর থেকে সিধুনগর গ্রামের মধ্য দিয়ে শতাধিক পাকিস্তানি সেনা ভারী অস্ত্র নিয়ে তেরশ্রী গ্রামে প্রবেশ করে। এরপর ঘরবাড়িতে আগুন ধরিয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও বেয়নেট দিয়ে আঘাত করে ছয় ঘণ্টাব্যাপী হত্যাযজ্ঞ চালায়। এতে ৪৩ জন মানুষ প্রাণ হারান। বেলা ১২টার দিকে ঘাতকরা ঘটনাস্থল ত্যাগ করে।

শহীদদের স্মৃতি সংরক্ষণে ২০১১ সালের ২২ নভেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে তেরশ্রীতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। ২০১২ সালের ১৩ নভেম্বর তৎকালীন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এটি উদ্বোধন করেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন জানান, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তেরশ্রী গ্রামের মানুষের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ দেখতে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে মানুষ আসেন।

স্বাধীনতার ৫৫ বছর পূর্তির দ্বারপ্রান্তে এসেও তেরশ্রী গণহত্যার শহীদ পরিবারগুলোর প্রত্যাশা, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং শহীদদের স্মৃতি যথাযথভাবে সংরক্ষণ করা।