News update
  • সরিষাবাড়ীতে ওষুধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ     |     
  • পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব     |     
  • জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়     |     
  • নোয়াখালী সদর সাব-রেজিস্ট্রারের নতুন নিয়ম, দলিল প্রতি অতিরিক্ত ঘুষ ২ হাজার টাকা     |     
  • সরিষাবাড়ীতে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা     |     
খবর 2026-01-12, 10:41pm

গাছ বাঁচাতে কার্যক্রম ইবি গ্রীন ভয়েসের

whatsapp-image-2026-01-12-at-5-761d6a1a7e7afc0c2ffe81ae7ba318311768236111.jpeg


ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসের অভ্যন্তরে গাছের কাণ্ডে পেরেক ও তারকাটা ব্যবহার করে ব্যানার–পোস্টার লাগানোর প্রবণতার বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (১২ জানুয়ারি) ক্যাম্পাসের ডায়না চত্বর, ঝালচত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গাছের গায়ে লাগানো পেরেক ও তারকাটা উত্তোলনের মাধ্যমে এ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। কর্মসূচিতে সংগঠনটির নেতৃবৃন্দ সরাসরি অংশ নেন।

কর্মসূচি শেষে গ্রীন ভয়েসের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসের সঙ্গে আলোচনা করে অনতিবিলম্বে ক্যাম্পাসের অভ্যন্তরে গাছের মধ্যে পেরেক মেরে ব্যানার ও পোস্টার লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

এ সময় সংগঠনটির সভাপতি মো. ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, “আমরা মানুষ হয়ে প্রায়ই ভুলে যাই যে, গাছেরও জীবন আছে। গাছে পেরেক বা তারকাটা ঢোকানোর ফলে গাছের ছাল ও ভেতরের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। মানুষের শরীরে যেমন ক্ষত হলে সংক্রমণের ঝুঁকি থাকে, গাছের ক্ষেত্রেও ঠিক তেমনই। ওই ক্ষতস্থান দিয়ে ছত্রাক, ব্যাকটেরিয়া ও ক্ষতিকর পোকামাকড় সহজে প্রবেশ করে গাছকে ধীরে ধীরে অসুস্থ করে তোলে।”

তিনি আরও বলেন, “গাছের ভেতরের যেসব নালীর মাধ্যমে পানি ও খাদ্য পরিবাহিত হয়, সেগুলো ক্ষতিগ্রস্ত হলে গাছ দুর্বল হয়ে পড়ে। পেরেক মারার ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, পাতা ঝরে পড়ে এবং একসময় গাছ মারা যাওয়ার ঝুঁকি তৈরি হয়। পাশাপাশি গাছের গায়ে ব্যানার–পোস্টার লাগালে ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয় এবং পরিবেশের ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হয়।”