
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৭টি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঅঞ্চলে শব্দ দূষণ ভয়াবহ আকার ধারন করেছে। উচ্চমাত্রায় বিকট শব্দ দূষণের কারণে এলাকার ব্যবসায়ী, স্কুল, কলেজ শিক্ষার্থীসহ সাধারন লোকজনের মারাত্মক অসুবিধা হচ্ছে। দিনের পর দিন এ রকম ভাবে উচ্চ শব্দে মাইকিং করলেও স্থানীয় প্রশাসনের কোন ধরনের নজরদারি নেই ।
জানা গেছে, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ৮/১০টি মাইকে উচ্চমাত্রায় মাইকিং করে স্কুল কলেজে, ভর্তি, মোবাইল বিক্রি, ডাক্তারদের চেম্বারে রোগি সংগ্রহসহ বিভিন্ন অনুষ্ঠানের প্রচার প্রচারনা চালানো করা হয়। বাংলাদেশ শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬ অনুযায়ী নীরব এলাকায় শব্দের সহনীয়মাত্রা দিনে ৫০ ও রাতে ৪৫ ডেসিবেল (শব্দের তীব্রতা পরিমাপের একক) আবাসিক এলাকায় দিনে ৫৫ ও রাতে ৪৫ এবং মিশ্র এলাকায় দিনে ৬০ ও রাতে ৫০ ডেসিবল। শব্দের মাত্রা এর বেশি হলে শব্দদূষণ হয়। উচ্চ শব্দদূষণ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তার পরেও বিয়ে অনুষ্ঠনসহ সকল অনুষ্ঠানে উচ্চস্বরে বাজালেও কেউ কোন ধরনের প্রতিবাদ করতে সাহস পায় না।
জানা গেছে, ঘিওর বাজারে মাইকিং করার সময়ে শব্দের দূষণ মাত্রা ৯০/১০০ ডেসিবলের মধ্যে। অথচ মানুষের জন্য সহনীয় মাত্রা হচ্ছে ৪৫/৬০ ডেসিবল। ঘিওর উপজেলা সদর এবং ঘিওর বাসষ্ট্যাড এলাকায় ডায়গনস্টিক সেন্টারে দেশের বিভিন্ন স্থান থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা আসেন। এলাকার রোগীদের দৃষ্টি আকর্ষনের জন্য এসব ডায়গনস্টিক সেন্টারে মালিকরা দিবারাত্রি মাইকিং করেন। মাসের পর মাস মাইকিং করায় এলাকার লোকজনের কান ঝালাপালা হয়ে যায়। মাইকের যন্ত্রনাদায়ক শব্দের কারনে মুঠোফনে কথাবলা ও কাজকর্ম করা কঠিন হয়ে পরেছে। এছাড়া গ্রামের বিভিন্ন অনুষ্ঠানগুলো ২/৩দিন একাধারে মাইক উচ্চস্বরে বাজানো হয়।
ঘিওর দুর্গা নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রতিদিন বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে উচ্চস্বরে মাইক বাজানো হয়। ফলে আমাদের স্কুল অর্ধায়নরত শিক্ষার্থীদের পাঠদানে চরম অসুবিধা হচ্ছে।
ঘিওর স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ বিপুল বালো বলেন, শব্দদুষণের কারনে শ্রবণ শক্তি হ্রাস পায়। শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিদের শ্রবণশক্তি হ্রাস পেতে পারে। হৃদরোগে আক্রান্ত রোগিদের অনেক ক্ষতি হয়। ডায়াবেটিকস রোগিদের মেজাজ খিটখিটে হয়ে যায়। মাইকিং,টেলিভিশন বা ডিভাইসের ভলিউম বা সাইন্ড এমনভাবে দিতে হবে, যাতে কোন লোকজনের অসুবিধা না হয়। এবং অন্য কোন ব্যক্তির অভিযোগ বা উদ্ধেগের কারণ না হয়।
এ ব্যাপারে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম বলেন, উচ্চ শব্দ দূষণ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। আমাদের সবাইকে সচেতন হতে হবে। এ বিষয়ে আমি অবগত আছি । দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে।