
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মানিকগঞ্জের ঘিওরে শুরু হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি নক-আউট হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৬’। সোমবার (৯ নভেম্বর) বিকেলে ঘিওর ডি.এন. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঘিওর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ঘিওর সাইংজুরী রামেশ্বর পট্টি যুব সংঘ এবং দৌলতপুরের চখহরি চরণ লয়ন স্পোর্টিং ক্লাব। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দলকে ১টি মহিষ এবং রানার্স-আপ দলকে ১টি ষাঁড় গরু পুরস্কার দেওয়া হবে।
আয়োজন কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা আঃ সোবহান হক। টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জানে আলম এবং পরিচালনা করেন সদস্য সচিব মোঃ শওকত আলী খান।
উদ্বোধনী আয়োজনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু কায়সার রেজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আলম বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান কুদরত এবং সাবেক অর্থ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা সহ স্থানীয় নেতাকর্মী ও ক্রীড়ামোদী হাজারো দর্শক।