
আব্দুল আজীম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে গার্মেন্টসকর্মী চম্পা বেগম (৪০) হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে জসিম উদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পিবিআইয়ের দাবি, দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক, বিয়ের চাপ ও বিরোধের জেরেই চম্পাকে হত্যা করেন তিনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার জয়িতা শিল্পী।
গ্রেপ্তার জসিম ঘিওর উপজেলার বীরসিংজুরী এলাকার বাসিন্দা। নিহত চম্পা একই গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। তিনি সাটুরিয়ার নয়াডিঙ্গী এলাকার তারাসিমা গার্মেন্টসে কাজ করতেন।
পিবিআই সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর ভোরে কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন চম্পা। পরদিন সকালে বাড়ির পাশের একটি কাঠের ঘরের পেছনে আতাগাছের নিচে তাঁর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় ২৫ নভেম্বর ঘিওর থানায় হত্যা মামলা দায়ের হলে তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জসিমকে শনাক্ত করা হয়। পরে মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে বীরসিংজুরী বাজার এলাকার একটি নির্মাণাধীন সেতুর পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পিবিআইয়ের দাবি, চম্পার সঙ্গে জসিমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তাঁরা ইমো ও মেসেঞ্জারে নিয়মিত যোগাযোগ করতেন। একপর্যায়ে চম্পা তাঁকে বিয়ের জন্য চাপ দেন। তবে জসিম বিবাহিত ও সন্তানের বাবা হওয়ায় বিয়েতে রাজি ছিলেন না। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন বিয়ের বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জসিম ওড়না পেঁচিয়ে চম্পাকে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
পিবিআই পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, প্রযুক্তিগত তথ্য ও বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে দ্রুত আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।