
স্টাফ রিপোর্টারঃ জামালপুরের সরিষাবাড়ীতে আট বছর আগে গোপনে বিয়ে করার পরও স্ত্রীকে সামাজিক ও পারিবারিক স্বীকৃতি না দেওয়ার অভিযোগ উঠেছে সুমন তরফদার (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে।
অভিযুক্ত সুমন তরফদার পোগলদিঘা ইউনিয়নের ব্রাহ্মণজানি (বাজার সংলগ্ন) গ্রামের ডা. সামছুল তরফদারের ছেলে। ওই নারী মুন্সিগঞ্জের বিক্রমপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার মিরপুর-১১ এলাকায় বসবাস করেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সারাদিন স্বামীর স্বীকৃতি ও সংসারের দাবিতে সুমন তরফদারের বাড়িতে অনশন করেন ওই নারী। এ সময় বাবাসহ পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে এলেও সুমনের পরিবারের সদস্যদের হুমকি-ধমকিতে তাঁরা রাতে বাড়ি থেকে চলে যেতে বাধ্য হন বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই নারী ও স্থানীয়দের অভিযোগ, ঢাকায় পড়াশোনার সুবাদে সুমনের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় আট বছর আগে তাঁরা বিয়ে করেন। এরপর থেকে তাঁরা গোপনে স্বামী-স্ত্রী হিসেবে সংসার করে আসছিলেন। তবে বিয়ের বিষয়টি সুমনের পরিবারকে জানিয়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে বাড়িতে তুলে নেওয়ার দাবি জানালে সুমন নানা অজুহাতে তা এড়িয়ে যান।
সম্প্রতি ওই নারী জানতে পারেন, তাঁকে না জানিয়ে সুমন প্রায় চার-পাঁচ মাস আগে পার্শ্ববর্তী কাজিপুর উপজেলার মুনসুরনগর ইউনিয়নের চর ছালাল গ্রামে আরও একটি বিয়ে করেছেন। বিষয়টি জানার পর এক সপ্তাহ আগে তিনি সুমনের বাড়িতে গিয়ে প্রতিবাদ করলে তাঁকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়।
ঘটনাস্থলে উপস্থিত থাকা স্থানীয় এক মণ্ডল জানান, শুক্রবার সকালে বাবাসহ পরিবারের সদস্যদের নিয়ে আবারও সুমনের বাড়িতে আসেন ওই নারী। বিয়ের স্বীকৃতি এবং স্ত্রী হিসেবে সংসারে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে সারাদিন বাড়িতে অবস্থান করেন। কিন্তু এ সময় সুমনের পরিবারের সদস্যরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং হুমকি-ধমকি দিয়ে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেন।
আট বছরের দাম্পত্য সম্পর্কের স্বীকৃতি ও নিজের অধিকার ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী নারী।
স্থানীয়রা জানান, সুমনের পারিবারিকভাবে দুশ্চরিত্রবান। ইতোপূর্বেও তার বিরুদ্ধে নানা কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত সুমন তরফদারের বাড়িতে গিয়েও বক্তব্য পাওয়া যায়নি।
তবে তার বাবা ডা. সামছুল তরফদারের বক্তব্য জানতে মুঠোফোনে কল করা হলে তিনি বাড়িতে নাই বলে জানান। এসময় স্থানীয় লোকজন অভিযোগ করেন, ডা. সামছুল ঘরে থাকলেও মিথ্যা বলেছেন।